রাজশাহীতে গ্রাম আদালতের মামলা ব্যবস্থাপনা ও তথ্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গ্রাম আদালতের মামলা ব্যবস্থাপনা উন্নতকরণ এবং তথ্য সুসংরক্ষণের লক্ষ্যে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় নগরীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মামলা দায়ের ও নিষ্পত্তি, তথ্যাদির ডিজিটাল সংরক্ষণ এবং ‘ভিলেজ কোর্ট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এর ব্যবহার নিয়ে অংশগ্রহণকারীদের বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।
তিনি বলেন, তৃণমূল মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম।
রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের পরিচালক তাহলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান।
সোনালী/জগদীশ রবিদাস











