ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম

গণপরিবহন ও টার্মিনাল তামাকমুক্ত রাখতে স্টিকার ক্যাম্পেইন

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: গণপরিবহন ও বাস টার্মিনালকে ধূমপান ও তামাকমুক্ত রাখতে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন এবং পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব সোসাইটি (ডাস) ও বাংলাদেশ তামাকবিরোধী জোটের উদ্যোগে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ারের (লফস) সহযোগিতায় এ আয়োজন করা হয়। মতবিনিময় সভায় রাজশাহী জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম (তোতা), জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য মো. সেলিম হোসেন, মো. দেলোয়ার রহমান, এমডি আব্দুল করিম, দপ্তর সম্পাদক মো. কুরবান আলী ও সংশ্লিষ্ট কর্মচারীরা অংশ নেন।

এ সময় ডাসের প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্প কর্মকর্তা কাজী মো. হাসিবুল হক, লফসের নির্বাহী পরিচালক ও সাবেক নারী কাউন্সিলর শাহনাজ পারভীন, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন, প্রকল্প সমন্বয়কারী চম্পা খাতুন এবং প্রকল্প কর্মকর্তা মুক্তা সরকার ও ফাহমিদা আহমেদ স্মৃতি উপস্থিত ছিলেন।

পরিবহন শ্রমিক, মালিক ও কর্মচারীদের সহযোগিতায় টার্মিনালের বিভিন্ন কাউন্টার ও চলাচলরত যাত্রীবাহী বাসের দৃশ্যমান স্থানে সতর্কতামূলক স্টিকার লাগানো হয়। স্টিকারগুলোতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ’, ‘আইন অমান্যে জরিমানা ২০০০ টাকা’ এবং ‘পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ’ শীর্ষক বার্তা তুলে ধরা হয়। আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, গণপরিবহন ও জনসমাগমস্থল ধূমপান ও তামাকমুক্ত রাখতে পরিবহন মালিক ও শ্রমিকদের সচেতনতা অত্যন্ত জরুরি। নিয়মিত এমন সচেতনতামূলক কার্যক্রম চালালে যাত্রীসাধারণ ও পরিবহন সংশ্লিষ্টরা উপকৃত হবেন এবং আইন মেনে চলতে উদ্বুদ্ধ হবেন।