ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম

বরেন্দ্র অঞ্চলে টানা বৃষ্টিতে ফসলহানি, ক্ষতিপূরণ দাবি

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক টানা বৃষ্টিতে বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন এলাকায় কৃষকের পাকা ও কেটে রাখা আমন ধান, সরিষা ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে গ্রিন কোয়ালিশন রাজশাহী।

মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে গ্রিন কোয়ালিশনের ত্রৈমাসিক সমন্বয় সভায় রাজশাহীর তানোর, পবা এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষক, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও গ্রিন কোয়ালিশনের নির্বাহী সদস্য মো. আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নদী ও পরিবেশ গবেষক এবং গ্রিন কোয়ালিশন বরেন্দ্র অঞ্চলের সভাপতি মাহবুব সিদ্দিকী।

সভাপতির বক্তব্যে মাহবুব সিদ্দিকী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষকের ক্ষতি বাড়ছে; অথচ কৃষক এই সংকটের জন্য দায়ী নন। তাঁদের ক্ষতির দায় রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ন্যায্যতার ভিত্তিতে বিবেচনা করতে হবে। গ্রিন কোয়ালিশনের সদস্যসচিব মো. শহিদুল ইসলাম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি, দ্রুত ক্ষতিপূরণ, বিনা মূল্যে বীজ ও কৃষি উপকরণ এবং সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করার দাবি জানান।

সভায় তানোর, পবা ও নাচোলের কৃষকেরা ফসল ঘরে তোলার আগমুহূর্তে টানা বৃষ্টিতে পাকা ও কেটে রাখা ধান পানিতে ডুবে যাওয়া এবং সবজি ও অন্যান্য ফসল নষ্ট হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। এতে উৎপাদন খরচ, ঋণ পরিশোধ ও পরবর্তী মৌসুমের চাষাবাদ নিয়ে তাঁরা অনিশ্চয়তায় পড়েছেন বলে জানান। কৃষক প্রতিনিধিদের মধ্যে নুর মোহাম্মদ, চিচিলিয়া হেমব্রম, মো. জাইদুর রহমান, মো. আলমাস আলী, রায়হান কবীর রঞ্জু, মিজানুর রহমান, রায়হান আলী জুয়েল, রিদয় আলী ও রুবেল হোসেন মিন্টু প্রমুখ বক্তব্য দেন।