ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার: রাজশাহীতে প্রতিমন্ত্রী

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: খামারিদের জ্বালানি সাশ্রয়, জৈব সার উৎপাদন এবং খামার সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ সহায়তা দিচ্ছে সরকার। ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তা ও খামারিরা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন বলে আশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকার ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রকল্পের আওতায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং তরুণ উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে নির্বাচিত সুবিধাভোগীদের হাতে যুব ঋণের চেক তুলে দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইমপ্যাক্ট তৃতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় রাজশাহীর পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ জন উদ্যোক্তা ও খামারির মধ্যে মোট ১০ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং গ্রামীণ অর্থনীতিতে তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ঋণপ্রাপ্তদের মধ্যে পুঠিয়া উপজেলার শাকিব খান, মোছা. হাসি বেগম ও মোছা. হিরা বিবি প্রত্যেকে এক লাখ টাকা করে এবং বাঘা উপজেলার মো. জুয়েল আক্তার, মোছা. শারমিন আক্তার ও মো. নবীউল ইসলাম প্রত্যেকে এক লাখ ২০ হাজার টাকা করে ঋণ পেয়েছেন। এ ছাড়া বাগমারা উপজেলার মুক্তি আখতার ও হাসান আলী দেওয়ান প্রত্যেকে এক লাখ টাকা এবং তিশা খাতুন ও আব্দুল বারী প্রত্যেকে ৮০ হাজার টাকা করে ঋণ পেয়েছেন।

যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস ইঞ্জিনিয়ার মো. মাহাফুজুর ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্পের সুবিধাভোগীরা।