রাজশাহীতে পুলিশের সাঁড়াশি অভিযান: অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ১৯৫
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী ও রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানে মোট ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার রাজশাহী রেঞ্জ পুলিশের মিডিয়া সেল এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাজশাহী রেঞ্জজুড়ে ১৪৫ অভিযান, গ্রেপ্তার ১৫৬:
রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রেঞ্জের বিভিন্ন জেলায় মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়। এতে ১৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ৫৪ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলায় ৮১ জন এবং প্রতিরোধমূলক কারণে ৬ জন রয়েছেন; যাঁদের মধ্যে ১৭ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। অভিযান চলাকালে এসআরবি ২টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন এবং বিজিবি ১৯টি ককটেল উদ্ধার করে।
পাশাপাশি ২০ গ্রাম হেরোইন, ১১০ পিস ইয়াবা, ২০ পিস ট্যাপেন্টাডল, ৫০০ গ্রাম গাঁজা, ২৫ লিটার চোলাই মদ ও ২৫ লিটার ওয়াশ জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন থানাগুলোতে ২টি খুন, ১টি দস্যুতা, ২টি চুরি, ২টি নারী ও শিশু নির্যাতনসহ মোট ৫৭টি মামলা দায়ের এবং ৭টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
মহানগরীতে ৩৯ জন গ্রেপ্তার ও ৫ জনের কারাদণ্ড:
অন্যদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মঙ্গলবার মহানগরীর বিভিন্ন স্থান থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পরোয়ানাভুক্ত ১১ জন, মাদক মামলার ১৩ জন এবং অন্যান্য মামলার আসামি ১৪ জন রয়েছেন। এ ছাড়া সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ হাজার ২৫ টাকাসহ রোহান আহম্মেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে রাজপাড়া থানা-পুলিশ ও আরএমপির স্পেশাল টিম। বহরমপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রোহানের বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একই দিন নগরীর শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—উত্তর নওদাপাড়ার শান্ত ইসলাম (৪৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা), বড়বাড়ীয়ার বেলাল হোসেন (৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা), জুয়েল রানা (৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা), জাহিদ হাসান (৩ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা) এবং রাশেদুল ইসলাম (৪৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা)।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে পুলিশি এই নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোনালী/জগদীশ রবিদাস











