ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম

৪১ আসন কমালো রাবি, কোন বিভাগে কত আসন

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার বাতিঘর নামে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মতিহারের সবুজ চত্বরে এর অবস্থান। এই বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের অধীনে রয়েছে মোট ৫৯টি বিভাগ। এছাড়াও রয়েছে দুটি ইনস্টিটিউট। প্রতিবছর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নামক যুদ্ধে চার লাখের বেশি ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন, তবে ভর্তি হওয়ার সুযোগ পান মাত্র কয়েক হাজার শিক্ষার্থী।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুক্রবার, ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শনিবার এবং ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের সময় বিকেল ৩টা থেকে ৪টা নির্ধারণ করা হয়েছে। এ বছরের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে এবং একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে কতটি আসন রয়েছে তা অনেকেরই অজানা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে অনুষদ ও বিভাগভিত্তিক আসন সংখ্যা নিচে তুলে ধরা হলো। কলা অনুষদের ১২টি বিভাগের অধীনে রয়েছে মোট ৯২১টি আসন। এ বছর দর্শন বিভাগে ১০টি আসন কমানো হয়েছে। এই অনুষদের বিভাগগুলোর মধ্যে দর্শনে ১০০টি, ইতিহাসে ১০০টি, ইংরেজিতে ৯০টি, বাংলায় ৮০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ১০০টি, আরবিতে ১১০টি এবং ইসলামিক স্টাডিজে ১১০টি আসন রয়েছে। এ ছাড়া নাট্যকলায় ২০টি, সংগীতে ৩০টি, ফারসি ভাষা ও সাহিত্যে ৬৫টি, সংস্কৃতে ৫৬টি এবং উর্দু বিভাগে ৬০টি আসন রয়েছে। আইন অনুষদের দুটি বিভাগের অধীনে রয়েছে ১৬০টি আসন। এর মধ্যে আইন বিভাগে ১১০টি এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৫০টি আসন রয়েছে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিভাগের অধীনে রয়েছে মোট ৬২০টি আসন। এ বছর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১০টি ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ৬টি আসন কমানো হয়েছে। এই অনুষদে অর্থনীতিতে ৮০টি, রাষ্ট্রবিজ্ঞানে ৮০টি, সমাজকর্মে ৭০টি, সমাজবিজ্ঞানে ৮০টি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৪০টি আসন রয়েছে। পাশাপাশি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে ৬০টি, লোক প্রশাসনে ৫০টি, নৃবিজ্ঞানে ৫০টি, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজে ৭০টি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৪০টি আসন রয়েছে। চারুকলা অনুষদের তিনটি বিভাগের অধীনে রয়েছে ১২৫টি আসন।

এ বছর গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে ৫টি আসন বাড়ানো হয়েছে। এই অনুষদে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্রে ৪৫টি, মৃৎশিল্প ও ভাস্কর্যে ৩০টি এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে ৫০টি আসন রয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগের অধীনে রয়েছে ৫০০টি আসন। এ বছর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০টি আসন কমানো হয়েছে। এই অনুষদের বিভাগগুলোর মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থায় ১১০টি, ম্যানেজমেন্ট স্টাডিজে ৮০টি, মার্কেটিংয়ে ৯০টি, ফাইন্যান্সে ৯০টি, ব্যাংকিং ও ইনস্যুরেন্সে ৮০টি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি আসন রয়েছে।

বিজ্ঞান অনুষদের নয়টি বিভাগের অধীনে রয়েছে ৬২৫টি আসন। এ বছর পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ৫টি আসন কমানো হয়েছে, অন্যদিকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ৫টি আসন বাড়ানো হয়েছে। এই অনুষদে গণিতে ১০০টি, পদার্থবিজ্ঞানে ৭০টি, রসায়নে ১০০টি, পরিসংখ্যানে ৮০টি, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞানে ৫০টি এবং ফার্মেসিতে ৫০টি আসন রয়েছে। এ ছাড়া পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে ৬০টি, ফলিত গণিতে ৭৫টি এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ৪০টি আসন রয়েছে।

জীববিজ্ঞান অনুষদের ছয়টি বিভাগের অধীনে রয়েছে ২৯৫টি আসন। এ বছর মনোবিজ্ঞান বিভাগে ১০টি আসন কমানো হয়েছে। এই অনুষদে মনোবিজ্ঞানে ৫০টি, উদ্ভিদবিজ্ঞানে ৭০টি, প্রাণিবিদ্যায় ৮০টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে ৩০টি, চিকিৎসা মনোবিজ্ঞানে ৩৫টি এবং মাইক্রোবায়োলজি বিভাগে ৩০টি আসন রয়েছে। কৃষি অনুষদের দুটি বিভাগের অধীনে রয়েছে ১২০টি আসন। এর মধ্যে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে ৬০টি ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ৬০টি আসন রয়েছে।

প্রকৌশল অনুষদের পাঁচটি বিভাগে রয়েছে ২৫৬টি আসন। এ বছর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫টি আসন বাড়ানো হয়েছে। এই অনুষদে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশলে ৭০টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৪০টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৪৬টি, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৫০টি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি আসন রয়েছে।

ভূ-বিজ্ঞান অনুষদের দুটি বিভাগে রয়েছে ১৩৫টি আসন। এর মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ৭৫টি এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ৬০টি আসন রয়েছে। ফিশারিজ অনুষদের ফিশারিজ বিভাগের অধীনে রয়েছে ৫০টি আসন এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগে রয়েছে ৫৫টি আসন; যেখানে এ বছর ৫টি আসন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুটি ইনস্টিটিউটে রয়েছে মোট ৯৪টি আসন। এর মধ্যে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ৪৪টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) ৫০টি আসন রয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস