ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা ‘মডেল’ অনুসরণ করতে চায় চার নগর কর্তৃপক্ষ

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিচালনা, আধুনিক চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের আঁধারে সড়ক পরিষ্কার—পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহীর এই সফল কর্মপদ্ধতি এবার অনুকরণ করতে যাচ্ছে দেশের আরও চারটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান। রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনার এই ‘মডেল’ সরেজমিনে দেখতে ও অভিজ্ঞতা বিনিময় করতে এসেছেন গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক ও শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার নগর ভবনের সিটি হলরুমে এ উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ কর্মশালা শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভারন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় জাইকার সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলমান এই আয়োজনে প্রতিনিধিরা রাজশাহীর পরিচ্ছন্নতা কার্যক্রম মাঠপর্যায়ে পরিদর্শন করবেন।

অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক  মাহফুজুর রহমান রিটন নগরীর ভবিষ্যৎ উন্নয়নের এক নতুন রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে একটি সমন্বিত ‘মাস্টারপ্ল্যান’ তৈরি করা হবে। এ ছাড়া বিদ্যুৎ খাতে ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে নগর ভবনসহ সিটি কর্পোরেশনের সব ভবনে সোলার সিস্টেম চালুর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা—‘তোমাদের কাজ হচ্ছে নগরকে সাজাও’—বাস্তবায়নে আমরা কাজ করছি। এর অংশ হিসেবে নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সবুজায়ন চলছে। পাশাপাশি বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছে। কর্মশালায় অংশ নেয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘‘রাজশাহীর মতো পরিচ্ছন্ন ও সবুজ নগরী কীভাবে গড়ে তোলা যায়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনই আমাদের মূল লক্ষ্য। এখানকার সাফল্য নিজ নিজ এলাকায় বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।’’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান রাজশাহীর পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করে বলেন, এই অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া হবে। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা  রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান।

কর্মশালায় রাজশাহীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মূল চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক ও বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী ও উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।

সোনালী/জগদীশ রবিদাস