রুয়েটে প্রয়াত দুই শিক্ষার্থীর পরিবারকে বীমার চেক হস্তান্তর
স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রয়াত দুই শিক্ষার্থীর পরিবারকে মৃত্যুকালীন বীমার চেক হস্তান্তর করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার উপাচার্যের দপ্তরে দুই শিক্ষার্থীর অভিভাবকদের হাতে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। প্রয়াত দুই শিক্ষার্থী হলেন—রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মো. মেহেরাব হোসেন এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রাফিদ শাহরিয়ার।
চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অর্থবিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি প্রজেক্ট হেড মো. নাহিদুল ইসলাম এবং নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যবৃন্দ।
সূত্র জানায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেরাব হোসেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চাঁদপুরের বিআরবি হসপিটালস লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
অন্যদিকে একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার গত ২৩ সেপ্টেম্বর রাজশাহী নগরীর কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য উপাচার্যের নির্দেশে তাঁকে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়; সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর তিনি মারা যান। রুয়েটের বর্তমান প্রশাসন নিয়মিত শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনবীমা সুবিধার আওতায় এনেছে।
এই ব্যবস্থায় স্বাস্থ্যবিমার আওতায় থাকা কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ এক লাখ টাকা এবং হাসপাতালে ভর্তি না হয়ে প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নিলে সর্বোচ্চ ১০ হাজার টাকা বিমাসুবিধা পান। এ ছাড়া বিদেশে চিকিৎসার ক্ষেত্রে বছরে সর্বোচ্চ এক লাখ টাকা এবং জীবনবিমার আওতায় থাকা শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পায়। প্রিমিয়াম জমা দেওয়া থেকে শুরু করে বিমা দাবি পর্যন্ত পুরো প্রক্রিয়া শিক্ষার্থীরা অনলাইনে সম্পন্ন করতে পারেন এবং প্রশাসন তা পর্যবেক্ষণ করে।











