ঢাকা | অক্টোবর ৫, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

জলবায়ু ঝুঁকিতে নিম্নআয়ের মানুষের জন্য নিরাপদ আবাসনের আহ্বান

  • আপডেট: Monday, October 5, 2026 - 11:01 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে বরেন্দ্র অঞ্চলের নিম্নআয়ের ও বস্তিবাসী মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন এবং মৌলিক নগরসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার বিকেল ৫টায় নামোভদ্রা লেকপাড়ে বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠন, বরেন্দ্র ইউথ ফোরাম ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে আয়োজিত এক নীতি সংলাপে এ দাবি জানানো হয়।

“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীতি সংলাপে বক্তব্য দেন ভদ্রা বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠনের সভাপতি বাচ্চু মিয়া, বস্তিবাসী নিলুফা বেগম, বরেন্দ্র ইউথ ফোরামের সভাপতি, বারসিকের সহযোগী কর্মসূচী কর্মকর্তা অমিত সরকার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান আজিজ।

নীতি সংলাপ থেকে বস্তিবাসীর উচ্ছেদ বন্ধ, উচ্ছেদের পূর্বে পুনর্বাসন, সাশ্রয়ী আবাসন, পানি, বিদ্যুৎ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ ৯ দফা অগ্রাধিকারমূলক দাবি উত্থাপন করা হয়। বক্তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগ, নগর পরিকল্পনাবিদ ও সুশীল সমাজকে এই বিষয়গুলোতে নীতিগত অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

সোনালী/জগদীশ রবিদাস