ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:২১ অপরাহ্ন

শিরোনাম

বাগমারায় একই পরিবারের তিনজন প্রতিবন্ধীর পাশে ইউএনও-এসি ল্যান্ড

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:24 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় সংসারের উপার্জনশীল বাবা ও দুই সন্তানসহ একই পরিবারের তিনজনই প্রতিবন্ধী। বাবা, ছেলে, মেয়ে – কেউই স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না। উপার্জনের কেউ নেই, ঘরে খাবার নেই। এমন অসহায় পরিবারের খবর পেয়ে আর দেরি করেননি বাগমারা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের সেই অসহায় প্রতিবন্ধী নাজিম উদ্দিনের বাড়িতে ছুটে যান মানবিক ইউএনও রিজু তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

প্রতিবন্ধী নাজিম উদ্দিন দুই সন্তানের জনক। তার ছেলে আব্দুল জলিল ও মেয়ে নাজমা খাতুনও প্রতিবন্ধী। শয্যাশায়ী বাবা ও দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটছে পরিবারটির। বাড়িতে গিয়ে তারা তিনজনের শারীরিক অবস্থার খোঁজ নেন, পাশে বসে কথা বলেন, সান্ত্বনা দেন। এরপর পরিবারটির হাতে তুলে দেন নগদ ১০ হাজার টাকা ও শুকনো খাবার। শুধু তাই নয়, চিকিৎসা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি সব ধরনের সহায়তা পাইয়ে দেয়ার আশ্বাসও দেন তারা।

এ সময় আবেগাপ্লুত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। তারা বলেন, এতদিন কেউ এভাবে খোঁজ নিতে আসেনি। ইউএনও ম্যাডাম ও এসি ল্যান্ড স্যার এসে পাশে দাঁড়ানোয় আমরা নতুন করে বাঁচার সাহস পেলাম।

ইউএনও রিজু তামান্না বলেন, ফাইলের বাইরেও প্রশাসনের একটি মানবিক মুখ আছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাটাই সবচেয়ে বড় সার্থকতা। এসি ল্যান্ড মিজানুর রহমান বলেন, এই পরিবারটির পাশে আমরা সবসময় থাকবো। তাদের যেন আর না খেয়ে থাকতে হয়, সে ব্যবস্থা করা হবে।

স্থানীয়রা জানান, যোগদানের পর থেকেই ইউএনও ও এসি ল্যান্ড শুধু অফিসের কাজেই সীমাবদ্ধ থাকেননি, অসহায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন। তাদের এই মানবিকতায় মুগ্ধ পুরো বাগমারাবাসী।

সোনালী/জগদীশ রবিদাস