ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:২১ অপরাহ্ন

শিরোনাম

রাবিতে প্রফেসর এম আবদুল হামিদের স্মারকগ্রন্থ উন্মোচন

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দর্শন বিভাগের সাবেক অধ্যাপক এম আবদুল হামিদের জীবন ও কর্ম নিয়ে রচিত স্মারকগ্রন্থ ‘প্রফেসর এম আবদুল হামিদ: এক দার্শনিক মনীষার পথ পরিক্রমা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান প্রফেসর মো. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।

দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের প্রফেসর মোতাছিম বিল্যাহ। স্মারকগ্রন্থের সম্পাদক প্রফেসর মো. আক্তার আলী গ্রন্থপরিচিতি তুলে ধরেন। এ ছাড়া প্রফেসর হামিদের কন্যা প্রফেসর শারমিন হামিদ ও বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর শামীমা আক্তার বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক প্রফেসর মো. রোকনুজ্জামান।

তিনটি অধ্যায়ে বিভক্ত এই স্মারকগ্রন্থে প্রফেসর হামিদের ব্যক্তিত্ব, জীবন ও কর্ম নিয়ে নয়টি প্রবন্ধ এবং তাঁর পঠন-পাঠনের ক্ষেত্র সমকালীন নীতিবিদ্যা ও বিশ্লেষণী দর্শন বিষয়ে সাতটি অ্যাকাডেমিক প্রবন্ধ স্থান পেয়েছে। পাশাপাশি যুক্ত করা হয়েছে বেশ কিছু আলোকচিত্র। অনুষ্ঠানে প্রফেসর হামিদের পরিবারের সদস্যবৃন্দ, সাবেক উপাচার্য প্রফেসর মো. মামনুনুল কেরামত, প্রফেসর সি এম মোস্তফা, প্রফেসর মহেন্দ্রনাথ অধিকারী, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

প্রফেসর এম আবদুল হামিদ ১৯৪৩ সালের ৩০ জুন বর্তমান পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ এবং ১৯৮২ সালে ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ১৯৯০ সালে প্রফেসর হন। অধ্যাপনার পাশাপাশি তিনি বিভাগীয় সভাপতি, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ, রাবি ছাপাখানার প্রশাসক, রাকসুর কোষাধ্যক্ষ ও রাবি দর্শন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ৪টি এমফিল ও ৭টি পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেন এবং তাঁর ৬টি গ্রন্থ ও ২৭টি প্রবন্ধ দেশে-বিদেশে প্রকাশিত হয়েছে। পরানীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, তুলনামূলক ধর্মীয় নীতিবিদ্যা, মুসলিম দর্শন ও বিশ্লেষণী দর্শন ছিল তাঁর প্রধান অধ্যয়ন ক্ষেত্র। ২০২১ সালের ১ জুলাই রাবি ক্যাম্পাস সংলগ্ন মির্জাপুরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন এবং ওই দিনই রাবি গোরস্থানে তাঁকে দাফন করা হয়।