ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম

মোহনপুরে আদালতের আদেশে জমির দখল বুঝিয়ে দিল প্রশাসন

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:23 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমির দখল আবেদনকারীকে বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

আদালত সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার সইপাড়া এলাকার দুলাল হোসেন (পিতা: মৃত হামিদ আলী) একই এলাকার গোলাম রসুল দিংয়ের বিরুদ্ধে জমি থেকে অবৈধভাবে উচ্ছেদ ও দখলচ্যুত করার অভিযোগ এনে দখল পুনরুদ্ধারের আবেদন করেন। এ ঘটনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, মোহনপুর, রাজশাহীতে ০২ পি/২৬ নম্বর মামলা দায়ের করা হয়।

মামলার শুনানি শেষে উভয় পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে আদালত আবেদনকারীর জমির স্বত্ব ও দখলের অধিকার রয়েছে বলে প্রতীয়মান হয়। অন্যদিকে, প্রতিপক্ষ জমির দখলের পক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করতে পারেননি।

এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার গত ৭ অক্টোবর আদেশ প্রদান করেন। আদেশে প্রতিপক্ষকে ১৫ দিনের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিয়ে আবেদনকারীর অনুকূলে জমির দখল হস্তান্তরের নির্দেশ দেয়া হয়। অন্যথায় আইনানুগ প্রক্রিয়ায় উচ্ছেদ করে আবেদনকারীকে পুনরায় দখল বুঝিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়।

আদালতের ওই আদেশ বাস্তবায়নে মঙ্গলবার সকাল ১০টায় মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে ধোর্ষা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাবিউল ইসলাম উপস্থিত থেকে সংশ্লিষ্ট জমির দখল আবেদনকারী দুলাল হোসেনকে বুঝিয়ে দেন। এ সময় মোহনপুর থানা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন এসআই আতাউর রহমান, এসআই রাকিন আহমেদ, এএসআই আবু বক্কর সিদ্দিকসহ পুলিশের একটি দল। আবেদনকারী দুলাল হোসেন জানান, আদালতের আদেশ বাস্তবায়নের মাধ্যমে তাঁর দাবি করা জমির দখল ফিরে পেয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস