ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম

তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:25 pm

তানোর প্রতিনিধি: তানোর উপজেলার মাড়িয়া জমসেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসীন আলী মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গত ২৯ অক্টোবর স্থানীয় গ্রামবাসী সম্মিলিত ভাবে প্রায় ১শ’ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর দায়ের করেছেন। কিন্তু দীর্ঘদিনেও অভিযোগের বিষয়ে কোন ব্যবস্থা না নেয়ায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

অভিযোগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ২৩ ও ২৪ অক্টোবর বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী ইসলামিক জালসার আয়োজন করেন গ্রামবাসী। এমন খবরে শুরু থেকেই জালসা আয়োজনের বিরোধিতা করেন প্রধান শিক্ষক ইয়াসীন আলী মন্ডল। পরে স্থানীয় গ্রামবাসী প্রশাসনের অনুমতি নিয়ে জালসা সফল ভাবে সম্পন্ন করেন। জালসার পরদিন প্রধান শিক্ষক ইয়াসিন আলী মন্ডল শফিকুল নামের এক ব্যক্তিকে দিয়ে বিদ্যালয়ের পাঁচটি গাছ কাটানোর সময় গ্রামের লোকজন শফিকুলকে আটক করেন।

বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে পরদিন গত ২৬ অক্টোবর বিদ্যালয় মাঠে গ্রাম্য সালিশ বসানো হয়। গ্রাম্য সালিশ বৈঠকে প্রধান শিক্ষক ইয়াসীন আলী মন্ডল ভুল স্বীকার করেন। ওই সালিশ বৈঠকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষক ইয়াসিন আলী মন্ডলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সালিশ বৈঠকেই প্রধান শিক্ষক ১ লাখ টাকা জরিমানা দেন। গ্রাম্য সালিশে জরিমানা দেয়ার পরও প্রধান শিক্ষক ইয়াসিন আলী মন্ডল স্বেচ্ছাচারী হয়ে উঠেন এবং আবারো বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি শুরু করেন।

গত ২৯ অক্টোবর গ্রামের শতাধিক ব্যক্তি স্বাক্ষর করে তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। দ্রুত প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানিয়েছেন তারা।৷ এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক।

এব্যাপারে তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও) আফজাল হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এবিষয়ে তানোর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল হোসেন বলেন, তদন্ত কার্যক্রমে রাজনৈতিক ব্যক্তির হস্তক্ষেপের কারণে সময়ক্ষেপণ হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

সোনালী/জগদীশ রবিদাস