রাবিতে ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও চলতি মৌসুমের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, হল প্রাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ সরওয়ার জাহান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির অধীনে আবাসিক হল ও তৎসংলগ্ন এলাকায় লার্ভানাশক ছিটানো, আগাছা পরিষ্কার ও বর্জ্য অপসারণ করা হচ্ছে।
এদিকে, একই দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ চত্বরে চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, সরকার ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রাই’ কর্মসূচির আওতায় চলতি মৌসুমে রাবি ক্যাম্পাসে ফলদ, ওষুধি, মসলা ও বনজ জাতের প্রায় ৩ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।











