ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১:১০ পূর্বাহ্ন

শিরোনাম

রাবিতে রাকসুর ৫ দিনব্যাপী নবীন সাংবাদিক প্রশিক্ষণ শুরু

  • আপডেট: Tuesday, October 6, 2026 - 11:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাকসুর কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার যাত্রা শুরু হয়। আগামী ১০ অক্টোবর সনদ বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মসূচিটি শেষ হবে।

আয়োজকরা জানান, পাঁচ দিনের এ কর্মশালায় নবীন সাংবাদিকদের জন্য সংবাদের মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লিখন, তথ্য যাচাই (ফ্যাক্ট চেক), সাক্ষাৎকার গ্রহণ, প্রিন্ট, অনলাইন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং টেলিভিশন সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। পাঁচ দিনব্যাপী এই ফেলোশিপে বাছাইকৃত ২৭ জন নবীন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী সেশনে রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ‘রাজশাহী সংবাদ’-এর প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, রাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সহ-সভাপতি সাজিদ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) সভাপতি নূর আহসান মৃদুল ও সাধারণ সম্পাদক ইবতেসাম হাসান শান্ত।

কর্মশালায় সমন্বয়ক (কো-অর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার রাজশাহী ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার এম শামীম। পাশাপাশি দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রুরু’র সভাপতি নূর আহসান মৃদুল, প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেন এবং দৈনিক আমার দেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম মেন্টর হিসেবে ফেলোদের দিকনির্দেশনা দিচ্ছেন।

সোনালী/জগদীশ রবিদাস