ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে আদম ব্যাপারীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা

  • আপডেট: Monday, October 5, 2026 - 10:49 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কথা আছে বলে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিদেশে লোক পাঠানো এবং রাশিয়ায় এক যুবকের যুদ্ধে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

গত রোববার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে মো. বাবুল আক্তার (৩৫)। তিনি দুবাই প্রবাসীর পাশাপাশি তিনি বিদেশে লোক পাঠানো কাজে যুক্ত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, রোববার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একই এলাকার কয়েকজন কথা আছে বলে বাবুলকে ডেকে নিয়ে যান। পরে কলমোগাড়া এলাকায় নিয়ে তার হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেছেন, বাবুল আক্তার এলাকার এক যুবককে রাশিয়ায় পাঠিয়েছিলেন। সেখানে ওই যুবক যুদ্ধে গিয়ে মারা যান। এ নিয়ে দুপক্ষের মধ্যে স্থানীয়ভাবে মীমাংসা হলেও বিরোধ থেকে যায়।

ওসি আরও জানালেন, ওই বিরোধের জের ধরে রাশিয়ায় মারা যাওয়া যুবকের বাড়ির লোকজন বাবুলকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।