ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীর নতুন সরকারি স্কুলে পাঠদানের অনুমতি মন্ত্রণালয়ের

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর বোয়ালিয়া এলাকায় নবনির্মিত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ দেশের চারটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।

অনুমতি পাওয়া বিদ্যালয়গুলো হলো— রাজশাহীর বোয়ালিয়ায় শহিদ জননী জাহানারা ইমাম সরকারি স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের পতেঙ্গায় মাস্টারদা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজ ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের বীরাঙ্গনা মনছুরা বেগম সরকারি স্কুল অ্যান্ড কলেজ।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আগামী তিন বছরের জন্য এই পাঠদানের অনুমতি দেয়া হয়। রাজশাহীর প্রতিষ্ঠানটি ছাড়াও অনুমতি পাওয়া বাকি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দুটি চট্টগ্রামের পতেঙ্গায় এবং একটি রংপুরে অবস্থিত।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের ‘৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্মাণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমোদিত এসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাশাপাশি নবম শ্রেণিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা—এই তিন বিভাগেই শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবে।

উল্লেখ্য, শিক্ষানগরী খ্যাত রাজশাহী মহানগরীতে মানসম্মত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আসনসংখ্যা সীমিত হওয়ায় প্রতিবছরই ভর্তি মৌসুমে তীব্র প্রতিযোগিতা ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা যায়। নগরীর বোয়ালিয়া এলাকায় নতুন এই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হলে সেই চাপ অনেকটাই কমবে এবং স্থানীয় শিক্ষার্থীদের সরকারি ব্যবস্থাপনায় মানসম্মত শিক্ষার সুযোগ আরও প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোনালী/জগদীশ রবিদাস