ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম

বদলগাছীতে ৪ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:22 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে ৪ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় এ প্রণোদনা দেয়া হচ্ছে। এই কর্মসূচির অধীনে প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে চাষাবাদের জন্য ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। পর্যায়ক্রমে ১০ জন করে কৃষকের গ্রুপ তৈরির মাধ্যমে মোট ৪ হাজার ১০০ জনের মাঝে এসব উপকরণ পৌঁছে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরীসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা।

আলোচনা শেষে উপস্থিত কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।

সোনালী/জগদীশ রবিদাস