পুঠিয়ায় অসহায় আমিরুনের পাশে ইউএনও
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা আমিরুন বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
বৃদ্ধার দুরবস্থার কথা জানতে পেরে নিজেই তাঁর বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে শুকনো খাবার, কম্বল ও ঘরের জন্য চৌকি দেয়া হয়।
পাশাপাশি ঘরের ঢেউটিন ও একটি খাট দেয়ার আশ্বাসও দেন ইউএনও। গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পুঠিয়া সদর ইউনিয়নের পশ্চিম বারইপাড়া গ্রামে বৃদ্ধা আমিরুন বেগমের বাড়িতে যান ইউএনও লিয়াকত সালমান।
তিনি মৃত. জানু পরামানিকের স্ত্রী। দীর্ঘ বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা বর্তমানে নানা অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। এ সময় ইউএনও বৃদ্ধার সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
আমিরুন বেগমের বড় মেয়ে রসেনা বেগম বলেন, আমরা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছি। এলাকার বিভিন্ন মানুষ আমাদের সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান স্যারও বিভিন্ন সময়ে আমাদের আর্থিক সহায়তা দিয়েছেন। এবারও তিনি নিজে এসে মায়ের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছেন। তাঁর এমন সহযোগিতায় আমরা অনেক উপকৃত হয়েছি। ভবিষ্যতেও বিপদ-আপদে তিনি আমাদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
ইউএনও- লিয়াকত সালমান বলেন, একজন মা ১১০ বছর বয়স পর্যন্ত আয়ু পেয়েছেন, এটি মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আমরা তাঁর জন্য শুকরিয়া আদায় করি।
বিভিন্ন মাধ্যমে জানতে পারি, তিনি অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। বিষয়টি জানার পর নিজেই তাঁর বাড়িতে এসেছি। তাঁর সঙ্গে কথা বলেছি এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি। উপজেলা প্রশাসন সব সময় এই বৃদ্ধার পাশে থাকবে, ইনশা আল্লাহ।
এসময় প্রতিবেশীরা বলেন, জীবনের শেষ প্রান্তে এসে একজন অসহায় বৃদ্ধার খোঁজ নিতে উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সোনালী/জগদীশ রবিদাস











