চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ চালক আটক
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশে নেয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ সময় সারবোঝাই ট্রাকের চালককে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে ট্রাকসহ এসব সার জব্দ করা হয়। আটক ট্রাকচালকের নাম আব্দুল মান্নান (৫১)। তিনি যশোরের চৌগাছা উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি সার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাপুরহাট এলাকার বিসিআইসি ডিলার হুমায়ুন কবির-২-এর গুদামে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই যশোর থেকে এসব সার আনা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সঙ্গে জড়িত। এদিকে সার জব্দের পর থেকে হুমায়ুন কবির ও তাঁর ছেলে বাবু পলাতক রয়েছেন বলে জানা গেছে। সকাল থেকে তাঁদের দোকান বন্ধ এবং মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিঞা বলেন, গোলাপেরহাট এলাকায় হুমায়ুন কবির-২ নামে একজন বিসিআইসি ডিলার রয়েছেন। চলতি মাসে যশোরের নওয়াপাড়া থেকে শিবগঞ্জ উপজেলায় কোনো সার বরাদ্দ নেই। তবে জব্দ করা সারগুলো কোথা থেকে কারা এবং কী উদ্দেশ্যে এনেছিল, সে বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে এক ট্রাক ভর্তি সার জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ট্রাকে ৭০০ বস্তা ইউরিয়া সার আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।











