বালুর নিচে পুঁতে রাখা সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে
স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর নিচে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই নবজাতক কন্যাশিশুকে রাজশাহীর বোয়ালিয়ায় অবস্থিত ‘ছোটমনি নিবাসে’ হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় আনুষ্ঠানিকভাবে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাস কর্তৃপক্ষের কাছে শিশুটিকে হস্তান্তর করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, গত মঙ্গলবার সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি আমবাগানের পাশের রাস্তার ধারে বালুর নিচে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পায় স্থানীয় দুই শিশু। পরে স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আলী ও গোলাপ হোসেনসহ কয়েকজন শিশুটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পর শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে সুস্থ বলে জানান। পরে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম শেষে শিশুটিকে রাজশাহীর ছোটমনি নিবাসে পাঠানো হয়। কে বা কারা নবজাতকটিকে বালুর নিচে পুঁতে রেখেছিল, তা এখনো জানা যায়নি।











