ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবা রজুফার পাশে প্রশাসন

  • আপডেট: Wednesday, November 4, 2026 - 11:02 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে নি:স্ব হয়ে যাওয়া রজুফা বেওয়ার পাশে দাঁড়ালেন ইউএনও রিজু তামান্না ও এসিল্যান্ড মিজানুর রহমান।

গত মঙ্গলবার রাতে অনাকাঙ্খিত এক অগ্নিকাণ্ডে বিধবা রজুফা বেওয়ার বসতবাড়ি পুড়ে যাওয়ার খবর পেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় দুই বান্ডিল ঢেউটিন, নগদ ১০ হাজার টাকা, শীতের কম্বল আর কিছু শুকনো খাবার নিয়ে সরাসরি হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

ঢেউটিন, নগদ টাকা, শীতের কম্বল ও শুকনো খাবার পেয়ে আবেগে কেঁদে ফেলেন বাস্তুহারা বিধবা রজুফা। এ সময় এক আবেগঘণ কন্ঠে বিধবা রজুফা বলেন, তিনটি কন্যা সন্তান রেখে প্রায় ২৫ বছর আগে তার স্বামী তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।

এরপর থেকেই তিনি স্বামীর সেই ভিটেতেই টিনের বেড়া ও টিনের ছাউনি দিয়ে ছোট্র একটি ঘর তৈরি করে বসবাস করে আসছিলেন। সেই কুড়ে ঘর থেকেই তিনি তার ছোট্র তিনটি মেয়েকে লালন-পালন করে বড় করে তুলে বিয়েও দিয়েছেন।

গত মঙ্গলবার বিকেলে তিনি পার্শ^বর্তী হাট মাধনগরে তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যান তিনি। সেই রাতেই পল্লী বিদ্যুতের লুজতার থেকে ঘটে যাওয়া অনাকাঙ্খিত এক অগ্নিকাণ্ডে তার মাথাগুজার একমাত্র অবলম্বন সেই কুড়ে ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।

এরপর বসতবাড়ি হারিয়ে নি:স্ব হয়ে এক প্রতিবেশির বাড়িতে আশ্রয় নেন ওই বিধবা। এই খবর পেয়ে মানবিক ইউএনও তাকে পুনর্বাসনের জন্য দুই বান্ডিল ঢেউটিন, নগদ ১০ হাজার টাকা, শীতের কম্বল ও কিছু শুকনো খাবার নিয়ে ওই বিধবার পুড়ে যাওয়া সেই বসতভিটায় উপস্থিত হন।

এ সময় নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য শেফালী বেগম, নরদাশ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার সাহেব আলী, তারেক জিয়ার প্রজন্মদলের বাগমারা উপজেলা সভাপতি নাসির উদ্দিন, বিএনপি নেতা জুয়েল ও হারুনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।