চারঘাটে বড়াল নদীতে নিষিদ্ধ জাল উদ্ধার
চারঘাট প্রতিনিধি: চারঘাটে বড়াল নদীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ।
বুধবার সকালে নদীর শিমুলিয়া, পুঁঠিমারী ও কালুহাটি এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৬০টি চায়না দুয়ারী জাল ও একটি সুতা জাল জব্দ করা হয়। অভিযান চলাকালে উপস্থিতি টের পেয়ে জালের মালিকেরা পালিয়ে যান।
পরবর্তীতে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সবচেয়ে বেশি জাল উদ্ধার করা হয়েছে পুঁঠিমারী ব্রিজ এলাকা থেকে।
উপজেলা মৎস্য অফিসের দেয়া তথ্য মতে, পদ্মা ও যমুনার সাথে চলনবিলের সংযোগকারী বড়াল নদী বর্ষা মৌসুমে দেশীয় মাছের প্রধান প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে। কিন্তু চায়না দুয়ারী জালের অসাধু চক্রের ব্যবহারের ফলে মাছের প্রজনন ও নদীর জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়ছে। তাই নদী ও দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণে এমন অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে।











