ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৬ - ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম

স্বপ্নের রাজশাহী শহর গড়তে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, September 22, 2026 - 10:31 pm

স্টাফ রিপোর্টার: জলবায়ুর পরিবর্তনজনিত সংকট মোকাবিলা এবং একটি সহনশীল ও নিরাপদ নগর গঠনের লক্ষ্যে রাজশাহীতে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশেষ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‘জলবায়ু সংকট বুঝি, সহনশীল শহরের স্বপ্ন দেখি-চোখে দেখা শহর, মনে আঁকা শহর’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে মঙ্গলবার পদ্মা আবাসিক এলাকার সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়টির ৭ম থেকে ১০ম শ্রেণির প্রায় ১০০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

শিক্ষার্থীরা তাদের নিজস্ব চিন্তাভাবনায় ভবিষ্যৎ নগর কেমন হওয়া উচিত, নগর জীবনের দৈনন্দিন সমস্যা, পরিবেশ দূষণ, নারী নিরাপত্তা, সবুজের সমারোহ এবং শিক্ষাবান্ধব পরিবেশের বিভিন্ন দিক তাদের রচনায় ফুটিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে চারটি শ্রেণির বিজয়ী শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্সসহ নানাবিধ শিক্ষাসামগ্রী পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

আয়োজনে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান নুপুর ১ম, সপ্তম শ্রেণির তাসনিয়া তাবাসসুম তাকিয়া ২য় এবং অষ্টম শ্রেণির সামিউল আল মাহদী ৩য় স্থান অর্জন করে। বারসিকের কর্মকর্তা অমিত সরকার ও তহুরা খাতুন লিলি জানান, শিক্ষার্থীদের মনের ভেতরের পরিবেশভাবনাকে তুলে আনতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস, যা আগামীতে সবুজ ও জলবায়ু সহনশীল নগর গঠনে কার্যকর ভূমিকা রাখবে।