১৮ মামলার আসামি আরিফ লক্ষ্মীপুর মোড় থেকে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া ১৮টি মামলার আসামি আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আরএমপির তথ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে মহানগর পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করে। তিনি তিন-চার দিন আগে পাবনা থেকে রাজশাহীতে আসেন এবং বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিলে অংশ নেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।
পুলিশ জানায়, আরিফ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম, ঢাকা, সিরাজগঞ্জ, পাবনা ও রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সন্ত্রাসবিরোধী আইন ও মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে; তিনি পাবনার সাঁথিয়া থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাতে পুলিশ আরও জানায়, পাবনার বিভিন্ন এলাকায় জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধে তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।











