ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম

পরীক্ষায় অসদুপায়: রাবির ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা

  • আপডেট: Friday, November 27, 2026 - 10:20 pm

স্টাফ রিপোর্টার: একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর মধ্যে একজনের দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ জনের এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) ছাত্রত্ব স্থগিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী, আরও ১৩ জন শিক্ষার্থীকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, পরীক্ষায় অসদুপায়ের অভিযোগ যাচাই-বাছাই করে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। এর আগে গত ২২ সেপ্টেম্বর ৫৪৯তম সিন্ডিকেট সভায় র‌্যাগিংয়ের দায়ে বিভিন্ন মেয়াদে ৯৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল।