রাজশাহী নগরীতে গ্যারেজে আগুনে পুড়ে ছাই বাস
স্টাফ রিপোর্টার: নগরীর শাহ মখদুম থানা এলাকায় একটি গ্যারেজে আগুনে পুড়ে একটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দরগা খানকা শরীফের মোড়ে রাজ্জাকের গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে; তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেছেন শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম আতিফ।
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, বাসটিতে অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গভীর রাতে প্রত্যক্ষদর্শী না থাকায় এবং ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক কোনো আলামত না মেলায় তদন্ত চলছে। বাসের মালিককে থানায় ডাকা হয়েছে এবং তাঁর উপস্থিতিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।











