মিছিল ও নাশকতার অভিযোগে সাবেক মেয়রসহ ১১ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এক পৌর মেয়রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার এ তথ্য জানান আরএমপির মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান গাজিউর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাসুদ (৫৭), মুছা আহমদ খান মন্টু (৪০), আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), সোবাহান ওরফে শুভ (৩০), মাসাদুল ইসলাম স্বপন (৫০), ইকবাল হোসেন (৫২), মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫), মোহাম্মদ রুবেল শেখ (৩৮), মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), ইদ্রিস আলম (৪২) এবং সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাসুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি, মুছা আহমদ খান মন্টু সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী, ইকবাল হোসেন মোহনপুর থানা যুবলীগের সভাপতি, মোহাম্মদ শহিদুজ্জামান মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র এবং ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
গত ২৬ নভেম্বর সকালে রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় মিছিলের ঘটনায় ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারায় ৪৫ নম্বর মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার ১১ জন ওই মামলার এজাহারভুক্ত আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।











