বাঘায় অবৈধ বালু উত্তোলনে জরিমানা
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল থেকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের সীমান্তবর্তী পদ্মা নদীর আতারপাড়া, চৌমাদিয়া চর ও লক্ষ্মীনগর মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা করা হয়। পরে মামলায় অভিযুক্ত ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান ও তা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর গ্রামের শাহজামাল (৫০)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাঘা থানা পুলিশ, আনসার, বিজিবি ও নৌপুলিশের প্রায় অর্ধশত সদস্য অংশ নেন।
পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।











