বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান দুই ব্যক্তির জেল
বাঘা প্রতিনিধি: বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়েছে।
এ সময় ভেজাল গুড় তৈরির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করে প্রত্যেককে ১০ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা।
জানা যায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় উপজেলার বাউসা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুড় তৈরির সঙ্গে জড়িত বকুল হোসেন ও ফজলুর রহমান নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, অভিযানে বিপুল পরিমাণ ভেজাল গুড়, কৃত্রিম রং, কেমিক্যাল, চুন, চিনি ও ময়দা জব্দ করা হয়।











