ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১০:৫৩ অপরাহ্ন

পুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা অগ্নিসংযোগ

  • আপডেট: Wednesday, November 25, 2026 - 10:11 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর, স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুটপাট শেষে অগ্নি সংযোগ করার অভিযোগ তুলেছেন তার পরিবার।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সোয়া তিনটার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বুধবার সকাল দশটার দিকে রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগম বলেন,  ঘটনার সময় তিনি ও তার পুত্র সন্তান বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে অনেক লোকজন এসে তার বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা প্রথমে ফ্লাট বাসার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের তিনজনকে জিম্মি করে লুটপাট ও ভাঙচুর চালায়। তিনি বলেন, দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ ত্রিশ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এ সময় তারা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে পুরো বাড়ির আসবাবপত্রসহ সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তার স্বামী ২বছর যাবৎ ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেল হাজতে রয়েছেন বলে জানান। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

প্রতিবেশী নাসিমা বেগম বলেন, রাত আনুমানিক তিনটার দিকে চেয়ারম্যানের বাড়ি থেকে শোরগোল শুনে আমরা ছুটে যাই। আশেপাশের লোকজন ছোটাছুটি দেখে দুর্বৃত্তরা চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আগুন নিভাতে সক্ষম হয়। তবে ঘরে থাকা আসবাবপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকান্ড লুটপাটের ঘটনাটি শুনেছি। বর্তমানে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনি চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। উল্লেখ্য, নাশকতা সহ রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় আব্দুস সামাদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

সোনালী/জগদীশ রবিদাস