ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১০:৪২ অপরাহ্ন

নদী রক্ষায় ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

  • আপডেট: Wednesday, November 25, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক আইন মেনে পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন ও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখা।

সংগঠনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার রাজশাহী কোর্ট চত্বরে সংক্ষিপ্ত জমায়েত শেষে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও রাজশাহী শাখার সভাপতি প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আহসান হাবীব, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নূর এ কামরুজ্জামান ইরান, দৈনিক নতুন প্রভাত সম্পাদক সোহেল মাহবুব, অধিকার রাজশাহীর সমন্বয়ক মইন উদ্দীন, আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত ও অ্যাডভোকেট রজব আলীসহ অন্যরা।

স্মারকলিপির অনুলিপি সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। দেশের অন্যান্য জেলা শাখা থেকেও একই দাবিতে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে পরিবেশ রক্ষায় সরকারের উদ্যোগের প্রশংসা করা হলেও মাঠপর্যায়ে পদ্মা ও বারনইসহ বিভিন্ন নদীর দখল, দূষণ, অবৈধ বালু উত্তোলন, ভাঙন, শুষ্ক মৌসুমে পানির সংকট ও বর্ষায় বন্যায় উদ্বেগ প্রকাশ করা হয়।

১৭ দফা দাবির মধ্যে রয়েছে—নদীসংক্রান্ত প্রকল্পে বিশেষজ্ঞ কমিটির মতামত বাধ্যতামূলক করা, ২৪ ঘণ্টা ইটিপি চালু রাখা, অবৈধ দখলদার উচ্ছেদ ও নদী খনন, অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ, কার্যকর বাঁধ নির্মাণ, নদীবন্দর সংস্কার ও বৃক্ষরোপণ। এ ছাড়া অভিন্ন নদীর ন্যায্য হিস্যার জন্য বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান ও মিয়ানমারকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক নদী কমিশন গঠন, ১৯৯৭ সালের জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশনে অনুসমর্থন, যৌথ নদী কমিশনের তৎপরতা জোরদার এবং নদী ও জলাশয়ে বর্জ্য ফেলা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস