ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১০:৪২ অপরাহ্ন

ঋত্বিক ঘটকের বসতভিটা ভাঙার তদন্ত ও সংরক্ষণের দাবিতে স্মারকলিপি

  • আপডেট: Wednesday, November 25, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীর মিঞাপাড়াস্থ পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবশিষ্ট জমি ও স্থাপনা সংরক্ষণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

বুধবার বিকেলে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহীসহ চলচ্চিত্রকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সাথে সাক্ষাৎ করে এ স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে বলা হয়, ঋত্বিক ঘটকের শৈশব, কৈশোর ও তারুণ্যের শুরুর সময় কেটেছে এই বাড়িতে, যা দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। ২০১৯ সালে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দেয়াল ভাঙার উদ্যোগ জেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়। ২০২১ সালে সংরক্ষণের জন্য ৫১ লাখ ৫৬ হাজার ৪০১ টাকা ৬২ পয়সার প্রাক্কলন হলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় তা হয়নি।

২০২৪ সালের ৯ এপ্রিল জেলা প্রশাসক অবশিষ্ট বসতভিটাসহ ০.১৬০৩ একর জমি অবমুক্ত করার আবেদন জানান; কিন্তু ওই বছরের ৫ আগস্টের পর অবশিষ্ট কক্ষগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির ২০২৪ সালের ২২ আগস্টের প্রতিবেদনে তথ্য-প্রমাণ উপেক্ষা ও স্বার্থের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। সর্বশেষ গত ১৭ নভেম্বর জায়গাটি পরিষ্কারের নামে স্থাপনাটির একটি দেয়ালের উল্লেখযোগ্য অংশ ভেঙে ফেলা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—ভাঙার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি; বসতভিটার টিকে থাকা অংশসহ অবশিষ্ট ০.১৬০৩ একর জমি অবমুক্ত করে চলচ্চিত্রকেন্দ্র প্রতিষ্ঠা; ১৯৮৭-৮৮ সালের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুকূলে দেওয়া জমির ইজারা বাতিল করে সরকারি বা জেলা প্রশাসনের অধীনে সংরক্ষণ; অবশিষ্ট জমির চারদিকে উচ্চ সীমানাপ্রাচীর, গেট ও সাইনবোর্ড নির্মাণ এবং সেখানে বহুতল ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণ করে ‘ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র’ ও ‘ঋত্বিক ফিল্ম ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা।

স্মারকলিপির অনুলিপি ভূমি, সংস্কৃতি, তথ্য ও সম্প্রচার এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও আঞ্চলিক পরিচালক, প্রধান স্থপতি, রাসিক প্রশাসক, আরডিএ চেয়ারম্যান, ডিআইজি রাজশাহী রেঞ্জ এবং আরএমপি কমিশনার বরাবর পাঠানো হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস