ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১০:৪২ অপরাহ্ন

অর্থনৈতিক শুমারি’র ফলাফল ও বিএসবিআর বিষয়ক সেমিনার

  • আপডেট: Wednesday, November 25, 2026 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণে নির্ভুল এবং নির্ভরযোগ্য পরিসংখ্যানভিত্তিক তথ্যের গুরুত্ব তুলে ধরে রাজশাহীতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সেমিনার হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, রাজশাহীর ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক ইমরান হোসেন।

অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়, রাজশাহীর উপপরিচালক কাজল রেখা। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ঢাকার পরিচালক আরিফুল ইসলাম এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তাছমিনা খাতুন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, অর্থনৈতিক শুমারি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ এবং সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সহায়ক। অর্থনৈতিক শুমারির তথ্য যথাযথভাবে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মনসুর রহমান বলেন, অর্থনৈতিক শুমারির তথ্য দেশের অর্থনীতি সম্পর্কে সামগ্রিক ধারণা প্রদান করে। পরিকল্পিত উন্নয়ন, গবেষণা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে পরিসংখ্যানভিত্তিক তথ্যের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) ব্যবসা ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর তথ্য সংরক্ষণ এবং হালনাগাদ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্ভুল তথ্যের ভিত্তিতে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব। সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।