চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে এসআরবি
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। জেলায় এখন পর্যন্ত নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নজরদারির পাশাপাশি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে তাদের দুটি টহল দল। নিরাপত্তায় নিয়োজিত থাকবে ৩৪ জন সদস্য।
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা কর্মকারপাড়ার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুররানী মন্দির পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবির চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তরিকুল ইসলাম।
তিনি জানান, দুর্গাপূজা ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
সিনিয়র এএসপি তরিকুল ইসলাম বলেন, “পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ভার্চুয়াল জগতে গুজব, মিথ্যা তথ্য ও উসকানিমূলক প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে সাইবার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, প্রতিমা বিসর্জন উপলক্ষেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে নির্বিঘ্নে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করা যায়।
এ সময় গুজব বা উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হয়ে তথ্যের সত্যতা যাচাই এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টার তথ্য দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান এসআরবির এই কর্মকর্তা। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদয্যাপিত হবে।











