ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৬ - ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

স্টেশন সংস্কার ও সব ট্রেনের স্টপেজ দাবিসহ ৫ দফা জানাল রাবি শিক্ষার্থীরা

  • আপডেট: Wednesday, September 23, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুব আলীর ওপর হামলা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনার স্থায়ী সমাধান ও নিরাপত্তার দাবিতে পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।

শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো হলো—বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলওয়ে স্টেশনটি দ্রুত সংস্কার করা এবং রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া সব ট্রেনের স্টপেজ নিশ্চিত করা; শিক্ষার্থী আইয়ুব আলীর ওপর হামলায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান; পরপর দুই রাতে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ; উদ্ভূত সমস্যার স্থায়ী সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত সমন্বয় ও সংলাপ চালু রাখা এবং রেলওয়ে কর্মচারীদের দ্বারা কোনো শিক্ষার্থী হয়রানি বা নির্যাতনের শিকার হলে দ্রুত অভিযোগ গ্রহণপূর্বক নিরপেক্ষ তদন্ত ও প্রতিকারের জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, আমাদের সহপাঠী আইয়ুব আলী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার পর বিশ্ববিদ্যালয় স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে, যাতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এসব ধারাবাহিক অপ্রীতিকর ঘটনায় শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুরক্ষা ও প্রতিকার নিশ্চিত করা কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বারবার এ ধরনের সংঘাত সৃষ্টি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতির স্থায়ী ও কার্যকর সমাধানে অবিলম্বে কঠোর ও জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।