ঢাকা | সেপ্টেম্বর ৫, ২০২৬ - ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম

হলের কক্ষে মশারির ওপর বিষধর সাপ, অল্পের জন্য রক্ষা পেলেন রাবি শিক্ষার্থী

  • আপডেট: Saturday, September 5, 2026 - 9:48 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষ থেকে একটি বিষধর কালাচ সাপ উদ্ধার করা হয়েছে। রাতে ঘুম থেকে উঠে মশারির ওপর সাপটিকে ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সাপ উদ্ধারকারী সংস্থা খবর পেয়ে গিয়ে সাপটি উদ্ধার করে।

গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হলের ১২১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাব্বি রেজা গভীর রাতে ঘুম থেকে উঠে মশারির ওপর একটি সাপ দেখতে পান। বিষয়টি তিনি দ্রুত রুমমেটদের জানালে তারা বিশ্ববিদ্যালয়ের সাপ উদ্ধারকারী সংস্থা ‘সোয়ান’-কে খবর দেন। খবর পেয়ে সংস্থার সদস্যরা হলে এসে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তারা নিশ্চিত করেন যে এটি অত্যন্ত বিষধর ‘কালাচ’ প্রজাতির সাপ।

কক্ষের আবাসিক শিক্ষার্থী সাকিল আহমেদ বলেন, রাতে ঘুম থেকে উঠে মশারির ওপর বিষধর সাপটি দেখা যায়। পরে সোয়ানকে খবর দিলে তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যায়। হলের প্রাধ্যক্ষকে বারবার বলার পরও সমস্যার কোনো সমাধান হয়নি। হলের চারপাশ জঙ্গল হয়ে আছে, ফলে প্রায়ই সাপ বের হয়। সবসময় আতঙ্কে থাকতে হয় কখন হলে সাপ ঢুকে যায়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি। রাতে সাপটি কামড় দিলে যদি কারও মৃত্যু হতো, তবে সেই দায় কি হল প্রভোস্ট নিতেন?

এ বিষয়ে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. আল-আমিন সরকার বলেন, রাতে এক শিক্ষার্থী মশারির ওপর সাপ দেখে রুমমেটদের জানায়। পরে বিশ্ববিদ্যালয়ের রেসকিউ টিম গিয়ে সাপটি উদ্ধার করে। ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। তিনি আরও জানান, সাপের উপদ্রব কমাতে ইতিপূর্বেও কার্বোলিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে এবং হলের চারপাশ পরিষ্কার করা হয়েছে। গত সপ্তাহেও প্রশাসনের উদ্যোগে হলের পেছনের অংশ পরিষ্কার করা হয়। ধারণা করা হচ্ছে, পেছনের দিক দিয়েই সাপটি ভেতরে প্রবেশ করেছে। হলের পেছনে ভালো মানের নেট লাগানো এবং ড্রেনগুলো পুনরায় পরিষ্কার করার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।