ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৬ - ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম

জনগণের প্রত্যাশিত আধুনিক চিকিৎসা দেবে আজকের শিক্ষার্থীরাই: ভূমিমন্ত্রী

  • আপডেট: Saturday, September 5, 2026 - 9:46 pm

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের হাত ধরেই দেশের জনগণের প্রত্যাশিত সুন্দর ও আধুনিক চিকিৎসাব্যবস্থা গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারা আগামী দিনে স্বাস্থ্য বিশেষজ্ঞ হবে।

শনিবার দুপুরে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) সম্মেলন কক্ষে শাখা ছাত্রদলের আয়োজনে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য খাতেও বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং উচ্চশিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে। জীবনে সফল হওয়ার দিকনির্দেশনা দিয়ে মিজানুর রহমান মিনু বলেন, সফল হতে হলে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। সে লক্ষ্যে পৌঁছাতে হলে অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া যাবে না।

আইএইচটির শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে অনেক শিক্ষার্থী দেশ ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। এমনকি এশিয়ার বিভিন্ন দেশেও তারা নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, গণতন্ত্রের জন্য আত্মত্যাগী মায়ের মূর্ত প্রতীক। তাঁর নেতৃত্ব ও ত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করে তিনি চলে গেছেন উল্লেখ করে মিনু বলেন, বেগম খালেদা জিয়াই সেই মায়ের মূর্ত প্রতীক।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এখন তাদের নেতা, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যেও জনগণ তাঁর হাতে দেশের দায়িত্বভার তুলে দিয়েছে এবং তিনি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশেও গ্যাস ও বিদ্যুতের কিছুটা সাময়িক সংকট দেখা দিয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও সরকার দেশ পরিচালনা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সমালোচনা করে মিজানুর রহমান মিনু বলেন, আগের সরকারের সময়ে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে এবং ব্যাপক দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে বাংলাদেশ সেই সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। বক্তব্য শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

রাজশাহী আইএইচটি ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. মো. মির্জা ওয়াসি পারভেজ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব ইমদাদুল হক লিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।