নানা আয়োজনে রুয়েটে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন
স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য র্যালি, গবেষণা ও স্টার্টআপ প্রদর্শনী, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড় ৯টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন পায়রা অবমুক্ত করে দিবসের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে শহীদ শিক্ষার্থীদের স্মরণে দোয়া, বৃক্ষরোপণ এবং রক্তদাতা সংগঠন ‘নিরব’-এর উদ্যোগে বিনামূল্যে রক্ত ও চক্ষু পরীক্ষা ক্যাম্প পরিচালিত হয়। অতিথি ও শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ায় আয়োজিত গবেষণা পোস্টার ও স্টার্টআপ মডিউল প্রদর্শনী ঘুরে দেখেন। সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে একটি আনন্দ র্যালি বের করা হয়।
পরবর্তীতে কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, গবেষণার উদ্দেশ্য শুধু প্রকাশনা নয়, বরং বাস্তব জীবনের সমস্যা সমাধান ও মানবকল্যাণে এর প্রয়োগ নিশ্চিত করা।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রুয়েটের ৬২ বছরের গৌরবময় পথচলার কথা উল্লেখ করে শিক্ষাগত ও প্রযুক্তিগত উৎকর্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দিনের শেষভাগে কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার এতিমদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে বলে জানিয়েছে প্রশাসন।











