ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করবে বিএনপি: ভূমিমন্ত্রী মিনু

  • আপডেট: Tuesday, September 1, 2026 - 10:55 pm

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী নয়, দলীয় সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনি এলাকায় একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এ কারণে নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইতে পারেন। তবে দলীয়ভাবে কঠোর সমন্বয় করে একজন প্রার্থীকেই চূড়ান্ত করা হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে গোটা বাংলাদেশে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে।

মিজানুর রহমান মিনু বলেন, আমাদের নেতা ও মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল এটি। এই দলকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। বিএনপি সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছে, এখনও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শত চেষ্টা করেও বিএনপিকে দমানো যায়নি। বিএনপি কারও কাছে মাথা নত করে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করছেন। এতে দেশের মানুষ উপকৃত হচ্ছেন। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।

মিজানুর রহমান মিনু বলেন, একটি দল আওয়ামী লীগের পেটের মধ্যে থেকে এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া হবে না। জিয়ার সৈনিকেরা জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেবে।

এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড্ডয়ন এবং পায়রা উড়িয়ে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

উদ্বোধনী পর্ব শেষে একই দিন দুপুরে নগরীর একটি হোটেলে রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া দিনটি উদযাপন উপলক্ষে রাজশাহীর বিভিন্ন উপজেলাতেও স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্যদের নেতৃত্বে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।

বিকেলে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ:

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি ও র‌্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে বাটার মোড়ে সমবেত হন। পরে বাটার মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

সমাবেশে আরও বক্তব্য দেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। সমাবেশ শেষে বাটার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক—মালোপাড়া, মনিচত্বর ও জিরো পয়েন্ট হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

মোহনপুর
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহনপুর উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীমুল ইসলাম (মুন)। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন সরকার।

পবা
পবা উপজেলা, নওহাটা ও কাটাখালী পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকেলে নওহাটা কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। নওহাটা কলেজ মোড় হতে র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওহাটা মহিলা কলেজে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা হয়। সকল কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ।

চারঘাট
চারঘাট প্রতিনিধি জানান, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে চারঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চারঘাট পৌর বিএনপির নেতাকর্মী এবং বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

গোদাগাড়ী
গোদাগাড়ী প্রতিনিধি জানান, গোদাগাড়ীতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোদাগাড়ী সদর দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেসকো চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন। গোদাগাড়ী উপজেলা বিএনপি, গোদাগাড়ী পৌরসভা ও কাঁকন হাট পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল।

পুঠিয়া
পুঠিয়া প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুঠিয়ায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এ র‌্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। র‌্যালিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তানোর
তানোর প্রতিনিধি জানান, তানোর উপজেলা ও তানোর পৌর বিএনপির উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরনজাই ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তানোর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম প্রমুখ।

বাগমারা
বাগমারা প্রতিনিধি জানান, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে একটি বিশেষ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিশু ও শিল্পকলা চত্বরে আয়োজিত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া। প্রধান বক্তা ছিলেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবু নাঈম সামসুর রহমান মিন্টু। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাগমারা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান চঞ্চল, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক শামসুজজোহা বাদশা প্রমুখ।

লালপুর
লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, মাদক, দুর্নীতি ও বেকারত্ব বাংলাদেশের অন্যতম বড় সমস্যা। এসব সমস্যা সমাধানে বর্তমান সরকার কাজ শুরু করেছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম।

নওগাঁ
নওগাঁ ব্যুরো জানায়, নওগাঁয় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজমুল হক সনি, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু ও শফিউল আজম ভিপি রানা বক্তব্য রাখেন।

গোমস্তাপুর
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেল চারটায় উপজেলা চত্বর সংলগ্ন মরহুম বাইরুল চেয়ারম্যানের চাটালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব, রফিকুল ইসলাম চাইনিজ।

শিবগঞ্জ
শিবগঞ্জ প্রতিনিধি জানান, শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কাটা হয়। পরে র‌্যালি বের করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।