তানোরে যুবদল নেতার তেল মিলের মালামাল চুরি
তানোর প্রতিনিধি: তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সীর সরিষা মিলের তালা কেটে ১০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
গত সোমবার দিবাগত রাতে তানোর উপজেলা কামারগাঁ ইউপির মাদারীপুর বাজারের পার্শ্বের রাদিয়া এগ্রো’ নামের তেল মিল কারখানায় চুরির এ ঘটনা ঘটে। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তবে, এবিষয় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
কারখানার হেলপার শুভ কুমার বলেন, প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তেল মিল কারখানা বন্ধ করে বাড়ি চলে যায়। ভোরে কারখানায় গিয়ে দেখি দরজার ২টি তালা কাটা এবং দরজা খোলা ভিতরে ঢুকে দেখি কিছুই নেই।
তিনি বলেন, মিলে থাকা বিপুল পরিমাণ সরিষার তেল, খৈল, ভুট্টা এবং তেল মাড়াইয়ের মূল্যবান বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতিসহ প্রায় ১০ লাখ টাকা মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
এব্যাপারে রাদিয়া এগ্রো’ তেল মিল কারখানার মালিক তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি বলেন, আমি জরুরি কাজে ঢাকায় অবস্থান করছি। সকালে মোবাইল ফোনে কারখানার ড্রাইভার দিলীপ কুমার ও হেলপার শুভ কুমার তেল মিল কারখানায় চুরির বিষয়টি আমাকে জানালে তৎক্ষনাৎ আমি তানোর থানা পুলিশকে জানিয়েছি।
পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। আমি তানোরে এসে অভিযোগ দিবো। পূর্ব পরিকল্পিত ভাবে আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এই চুরি করে আমাকে আর্থিক ভাবে ক্ষতিসাধন করা হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। মিল মালিক ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন, এসে থানায় অভিযোগ দিবেন বলেও জানান ওসি মাহমুদুল হাসান।











