ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম

মার্কিন রাষ্ট্রদূতের উত্তরাঞ্চল সফর

  • আপডেট: Tuesday, September 1, 2026 - 10:42 pm

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিষ্টার ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সস্ত্রীক ৩ দিনের উত্তরাঞ্চল সফর স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গত ৩০ আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিনি তার স্ত্রী ডিয়ান ডাও কে নিয়ে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্প, সাংষ্কৃতিক, বাণিজ্যিক, ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও স্থাপনা পরির্দশন করেন। তার পোশাক এবং দৈনন্দিন সহজ সরল জীবন যাপন এ অঞ্চলের মানুষের দৃষ্টি কেড়েছে।

এ অঞ্চল সফরের প্রথম দিন তিনি ঢাকা হয়ে বিমান যোগে নীলফামারী- সৈয়দপুরে পৌছেন। প্রথমে তিনি পরিদর্শন করেন- প্যারাগন দুগ্ধ খামার ও নীলফামারীর তিস্তা ব্যারেজ। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রদূত দম্পতি পঞ্চগড়ের মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরোপয়েন্ট, পঞ্চগড় সদর, হাসপাতাল ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের রক-মিউজিয়াম ও গ্রীন ফিল্ড টি ফ্যাক্টরি পরিদর্শন করে। এদিনই তিনি স্থানীয় সংসদ সদস্য নওশাদ জমিরের সঙ্গে স্বাক্ষাৎ করেন।

তৃতীয় দিনে তারা ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী সীমান্তে অবস্থিত মন্ডুমালা গ্রামের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী দেশের সর্ববৃহৎ সূর্যপুরী আমগাছ পরিদর্শনে যান। এ দিন তাঁরা দিনাজপুরের প্রাচীন কান্তজিউ হিন্দু মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন। একই দিন দুপুর সাড়ে ১২ টায় সড়ক পথে পার্বতীপুরে দেশের সর্ববৃহৎ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে আসেন। এ সময় কারখানায় বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে বাংলাদেশ রেলে ব্যবহৃত  তার নিজ দেশ আমেরিকায় নির্মিত ৬৬৩৯ সিরিজের ডিজেল চালিত রেল ইঞ্জিন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। স্মৃতির স্মারক হিসেবে কারখানা চত্বরের ভিআইপি কর্নারে একটি গাছের চারা রোপণ করেন। বেলা ২ টা ৫০ মিনিটে তিনি পার্বতীপুর রেলস্টেশন হয়ে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। সাধারণ যাত্রীদের ট্রেন যাত্রা করায় তার অনেক সহযাত্রী অবাক হয়ে যান।

উত্তরাঞ্চল সফরের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রদূত বলেন- সৌহার্দ্যপূর্ণ এ সফরের মাধ্যমে আমাদের প্রত্যাশা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। প্রত্নতাত্ত্বিক বিষয়ের উন্নয়ন নিয়েও আগামী দিনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’