ঢাকা | অগাস্ট ৩১, ২০২৬ - ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ: রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচি

  • আপডেট: Monday, August 31, 2026 - 10:27 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। দিবসটি উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলীয় কার্যালয়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় সাজসজ্জা করা হয়েছে। সব মিলিয়ে নগরজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগরীর প্রধান প্রধান মোড় ও সড়কদ্বীপে ব্যানার-ফেস্টুন টাঙানোর পাশাপাশি জনবহুল স্থানে ওভারহেড বিলবোর্ড স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে ডিজিটাল এলইডি ডিসপ্লে, যেখানে দলের ইতিহাস, ঐতিহ্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একইদিন বিকেল ৪টায় নগরীর বাটার মোড় থেকে বের করা হবে বর্ণাঢ্য র‌্যালি। এছাড়া সুবিধাজনক সময়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

আয়োজন সম্পর্কে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। দলের সংগ্রাম, সাফল্য ও বর্তমান সরকারের উন্নয়নচিত্র এলইডি ডিসপ্লেসহ নানা মাধ্যমে নগরবাসীর সামনে তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন বলে জানান তিনি।

সোনালী/জগদীশ রবিদাস