ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার: হোটেল ও রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, শ্রম আইন কার্যকর এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ‘হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, রাজশাহী জেলা কমিটি’।
সোমবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, দুপুর ১২টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক এবং বেলা ১টায় রাজশাহী জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে শ্রমিক নেতারা জানান, আইন অনুযায়ী ৮ ঘণ্টা কাজ, অতিরিক্ত সময়ের দ্বিগুণ মজুরি এবং নিয়োগপত্র দেয়ার বিধান থাকলেও মালিকপক্ষ তা মানছে না; বরং শ্রমিকদের দিয়ে ১২-১৩ ঘণ্টা কাজ করানো হচ্ছে।











