ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে স’মিল মালিকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

  • আপডেট: Monday, August 31, 2026 - 10:14 pm

তানোর প্রতিনিধি: তানোরে এক স’মিল মালিকের বিরুদ্ধে অন্যর জমির গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত স’মিল মালিকের নাম কয়েশ আলী, তিনি পাঁচন্দর ইউপির বনকেশর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র। এ ঘটনায় সোমবার রাসেল হোসেন বুলবুল বাদি হয়ে কয়েশ উদ্দিনের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ৩০ আগস্ট সকালে গ্রামের কিছু খারাপ লোকের প্রলোভনে তার জায়গার উপর লাগানো বেশ কিছু মেহেগুনি ও আম গাছ কেটে নিয়ে যায় স’মিল মালিক কয়েশ। এসব গাছের বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। রাসেল হোসেন বুলবুল বলেন, তিনি পারিবারিক সমস্যার কারনে রাজশাহী মেডিকেলে অবস্থান করছিলেন। এ সুযোগে কয়েশ দলবল নিয়ে তার ক্রয়কৃত জমির উপর লাগানো বড় বড় মেহেগুনি ও আম গাছ কেটে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, নীতিমালা লঙ্ঘন করে ঘনবসতিপূর্ণ জায়গায় কয়েশ অবৈধভাবে স’মিল স্থাপন করেছেন। তার স’মিলের বিকট শব্দে আশ পাশের বসতবাড়ির মানুষ চরম বিপাকে রয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সংরক্ষিত বন এবং সমুদ্র তীরবর্তী এলাকার ১০ কিলোমিটার দুরে ও পৌর এলাকায় সরকারি নীতিমালা অনুযায়ী জনবসতি এলাকার বাইরে করাত কল নির্মাণ করতে হবে এবং সকল করাত কল মালিককে লাইসেন্স, প্রতিবছর নবায়ন ও রেজিষ্ট্রার খাতা এবং খাতায় গাছের ক্রেতা-বিক্রেতার নাম ঠিকানা লিপিবদ্ধ রাখতে হবে। কিন্তু তা করেন না কয়েশ।

এবিষয়ে জানতে চাইলে স’মিল মালিক কয়েশ আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি টাকা দিয়ে গাছ কিনে শ্রমিক দিয়ে কেটে নিয়েছেন। তিনি বলেন, জায়গার কাগজপত্র দেখে তো গাছ কেনা হয় না, যে গাছ বিক্রি করেছেন তাকে বলুক এখানে তার কি দোষ। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।