ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম

ড্রেন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপডেট: Monday, August 3, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: বর্ষা মৌসুমে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে কাদামাটি ও আবর্জনা অপসারণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

সোমবার সকালে নগর ভবনের সামনের ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

পরিদর্শনকালে নাগরিক সেবা বৃদ্ধিতে জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেন প্রশাসক। একই সঙ্গে তিনি ড্রেনে যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকায় বর্তমানে বৃষ্টির পানি আগের চেয়ে অনেক দ্রুত নেমে যাচ্ছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। পরিদর্শনকালে রাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক মনিটরিং) জুবায়ের হোসেন মুন ও সংশ্লিষ্ট পরিচ্ছন্ন সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

ইমারত নির্মাণ শ্রমিকদের অনুদান হস্তান্তর: এদিকে, গতকাল সোমবার সন্ধ্যায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনের কল্যাণ তহবিল থেকে সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত সংগঠন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদান তুলে দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও অর্থ সম্পাদক মো. মুকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনসাব রাজশাহী জেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

উল্লেখ্য, অনুষ্ঠানে মৃত্যুজনিত কারণে ইনসাবের এক প্রয়াত সদস্যের পরিবারকে কল্যাণ তহবিল থেকে সাড়ে ৪ লাখ টাকা এবং নিয়মিত সহায়তার অংশ হিসেবে অপর এক সদস্যকে ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।