ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম

রামেক হাসপাতাল এলাকাকে ‘ইমার্জেন্সি রেসপন্স জোন’ ঘোষণার দাবি

  • আপডেট: Monday, August 3, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সংলগ্ন ফুটপাত ও প্রধান সড়ক দখলমুক্তকরণ, অনিয়ন্ত্রিত যানবাহন পার্কিং বন্ধ এবং হাসপাতালের চারপাশের ৪০০ মিটার এলাকাকে স্থায়ী ‘ইমার্জেন্সি রেসপন্স জোন’ ঘোষণার দাবি জানানো হয়েছে।

উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ‘ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়্যাস)’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘ভঙ্গী নৃত্য শিল্পালয়’-এর যৌথ উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইয়্যাসের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শামীউল আলীম শাওন এবং ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক মো. রবিন শেখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের চিকিৎসার মূল ভরসাস্থল রামেক হাসপাতালে প্রতিদিন গড়ে ১৩ হাজারের বেশি মানুষ সেবা নিতে আসেন। অথচ হাসপাতালের প্রধান ফটক, জরুরি বিভাগ, বহির্বিভাগ (আউটডোর) গেট এবং লক্ষ্মীপুর মোড় থেকে ঘোষপাড়া মোড় ও সিঅ্যান্ডবি মোড়-গ্রেটার রোড সংযোগ সড়কের ফুটপাত ও মূল সড়ক অবৈধ টং দোকান, খাবারের হোটেল এবং অবৈধ যানবাহন পার্কিংয়ের দখলে থাকে। ফলে রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জরুরি রোগীদের বহনকারী অ্যাম্বুলেন্সকে ১০ থেকে ২৫ মিনিট পর্যন্ত যানজটে আটকে থাকতে হচ্ছে। এতে জীবনরক্ষার অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময় ‘গোল্ডেন আওয়ার’ নষ্ট হয়ে রোগীর প্রাণহানির ঝুঁকি বাড়ছে।

স্মারকলিপি হস্তান্তরকালে ইয়্যাস সভাপতি শামীউল আলীম শাওন বলেন, হাসপাতালের সামনের সড়কে সমন্বয়হীনতার কারণে প্রতিনিয়ত অ্যাম্বুলেন্স যানজটে আটকে থাকছে, যা প্রতিরোধে সিটি করপোরেশনকেই মূল সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে। অন্যদিকে ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক মো. রবিন শেখ বলেন, আধুনিক নগরীর প্রধান হাসপাতালের প্রবেশমুখে এমন বিশৃঙ্খলা মেনে নেওয়া যায় না, কারণ জরুরি চিকিৎসার পথ বাধামুক্ত রাখা নাগরিক অধিকারেরই অংশ। উল্লেখ্য, এ স্মারকলিপির অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং রামেক হাসপাতাল পরিচালকের কাছেও পাঠানো হয়েছে।