ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

প্রাইমারি বৃত্তির ফল বঞ্চিত ২৩৭ শিক্ষার্থী দায়ীদের শাস্তি চেয়ে নগরীতে মানববন্ধন

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হলেও রাজশাহীর একটি কেন্দ্রের ১২টি বিদ্যালয়ের ২৩৭ জন শিক্ষার্থীর ফলাফল প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকেরা। দ্রুত তদন্ত শেষ করে ফলাফল প্রকাশ ও দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন তারা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সামনে ‘ভুক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক’ সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেয়া ১২টি বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থীরা অবিলম্বে তাদের বৃত্তির ফল প্রকাশের দাবি জানায়। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ড. আজিবর রহমান এবং রাজশাহী স্বার্থরক্ষা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেলসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশজুড়ে বৃত্তির ফলাফল অনেক আগেই প্রকাশিত হলেও একটি কেন্দ্রের চরম গাফিলতির কারণে ২৩৭ জন কোমলমতি শিক্ষার্থীর ফল আটকে রয়েছে। এ বিষয়ে গত ১৬ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর স্মারকলিপি দেয়া হলেও এক সপ্তাহেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা শুধু আশ্বাসের বাণী শুনিয়ে সময়ক্ষেপণ করছেন।

বক্তারা অবিলম্বে এ তালবাহানা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, আমরা কোনো খালি আশ্বাস চাই না, আমাদের সন্তানদের বৃত্তির ফল চাই। অবিলম্বে তদন্ত শেষ করে সঠিক ফলাফল প্রকাশ করতে হবে এবং শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। মানববন্ধন শেষে অভিভাবক ও সচেতন নাগরিকদের প্রতিনিধিদল রাজশাহী বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। এদিকে, বিষয়টি আমলে নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।