ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম

রাবি শিক্ষার্থীদের রেললাইন ব্লকেড: রেলের ক্ষতি ৩৫ লাখ, ২০ হাজার যাত্রীর দুর্ভোগ

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের টানা প্রায় আট ঘণ্টার রেলপথ অবরোধের কারণে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর পাশাপাশি ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের প্রায় ২০ হাজার সাধারণ যাত্রী।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জনসংযোগ দপ্তরের উপপরিচালক জাহিদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অনাকাক্সিক্ষত এই লোকসান ও সিডিউল বিপর্যয়ের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২১ জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের কর্মচারীর অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ এবং দোষী কর্মচারীর শাস্তির দাবিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা পরদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেন। দীর্ঘ সময় রেলপথ অবরুদ্ধ থাকায় রাজশাহী কেন্দ্রিক ট্রেন চলাচলে ব্যাপক স্থবিরতা তৈরি হয়।

রেলওয়ে কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় ১০টি আন্তঃনগর এবং ৯টি কমিউটার ট্রেন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। এতে সার্বিক সিডিউল ভেঙে পড়ায় বাধ্য হয়ে ২টি আন্তঃনগর ও ৪টি কমিউটার ট্রেনের যাত্রা পুরোপুরি বাতিল ঘোষণা করে রেল প্রশাসন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ ও সিডিউল বিপর্যয়ে বিভিন্ন স্টেশনে আটকে পড়া প্রায় ২০ হাজার যাত্রী সীমাহীন ভোগান্তির শিকার হন।

বিশেষ করে জরুরি কাজে নিয়োজিত ব্যক্তি, অসুস্থ ও প্রবীণ যাত্রী, নারী, শিশু এবং বিদেশগামী যাত্রীদের চরম অনিশ্চয়তায় পড়তে দেখা যায়। অবরোধের কারণে টিকিট রিফান্ড ও পরিচালনগত ক্ষতি মিলিয়ে আনুমানিক ৩৫ লাখ টাকার লোকসান হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একই সাথে সাধারণ যাত্রীদের এমন সাময়িক ও অনাকাক্সিক্ষত দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ।