অনুমোদনহীন দই-মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানের সনদ ছাড়া দই-মিষ্টি তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে রাজশাহীর ‘শামীম সুইটস মিষ্টি’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর ওই দোকানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এক অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়। বিএসটিআই সূত্র জানায়, বিএসটিআইয়ের কোনো মানসনদ ছাড়াই মিষ্টি ও দই (ফার্মেন্টেড মিল্ক) উৎপাদন এবং বাজারজাত করে আসছিল ‘শামীম সুইটস’।
অভিযানে প্রমাণ মেলায় এবং দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ অভিযানে নেতৃত্ব দেন। বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।











